
হাওড়া, ১২ আগস্ট (হি.স.):সাতসকালে প্রবীণাকে ‘কাকিমা’ বলে ডেকে থামিয়ে তাঁর গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুই বাইকআরোহী দুষ্কৃতী। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি থানার তর্কসিদ্ধান্ত লেন ও জি টি রোড সংলগ্ন এলাকায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও জি টি রোড সংলগ্ন বাড়ি থেকে বেরিয়ে কাছের একটি মন্দিরে পুজো দিতে যান ৭০ বছর বয়সি মীরা ভূতিকা। পুজো দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে তর্কসিদ্ধান্ত লেন এলাকায় একটি বাইকে চেপে দুই যুবক তাঁর গতিরোধ করে। অভিযোগ, তাঁরা তাঁকে ‘কাকিমা’ বলে ডাকেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে বাইকে চেপে জি টি রোডের দিকে পালিয়ে যায়।
মীরাদেবীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে এসে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেন। তবে দ্রুতগতিতে বাইক চালিয়ে পালিয়ে যায় তারা।
প্রবীণার অভিযোগ, তিনি একাই ছিলেন। তাঁর দাবি, দুষ্কৃতীরা আগে থেকেই তাঁর গতিবিধি নজরে রেখে এই ছিনতাইয়ের ছক কষে থাকতে পারে। ঘটনার পর বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মীরা ভূতিকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়