
মালদা, ১২ আগস্ট (হি. স.):প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বুধবার মালদায় উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিকেলে জেলা বিজেপির উদ্যোগে শ্যামাপ্রসাদ ভবন, জেলা সদর কার্যালয় থেকে একটি বর্ণময় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়।
জাতীয় পতাকায় সজ্জিত এই যাত্রায় অংশ নেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস ও বিশ্বজিৎ রায়, মহিলা মোর্চার নেত্রী সুতপা মুখার্জি-সহ দলের বহু নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
হাতে জাতীয় পতাকা নিয়ে এবং ‘ভারতমাতা কি জয়’ স্লোগানে মুখর হয়ে তিরঙ্গা যাত্রা মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। যাত্রাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তাবোধের বার্তা তুলে ধরার পাশাপাশি আসন্ন ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য মালদাবাসীর কাছে আবেদন জানানো হয়।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবসের আবহে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ আরও জোরদার করাই তাঁদের লক্ষ্য। তিরঙ্গা যাত্রার মাধ্যমে কর্মসূচিকে সফল করার বার্তাও দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়