জনতার দরবারে মিলল চাকরি, নিয়োগপত্র ও ট্রাই-সাইকেল পেলেন বিশেষভাবে সক্ষম মন্টু দাস
পূর্ব মেদিনীপুর, ১২ আগস্ট (হি.স.):শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে বাধা হতে পারে না, তা প্রমাণ করেছেন মেছেদার আন্দুলপোতা গ্রামের বাসিন্দা মন্টু দাস। প্রতিকূলতার মধ্যেও এমএ এবং বিএড পাশ করেও দীর্ঘদিন কর্মহীন ছিলেন তিনি। আপার প্রাইমারি
মন্টু দাস


পূর্ব মেদিনীপুর, ১২ আগস্ট (হি.স.):শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে বাধা হতে পারে না, তা প্রমাণ করেছেন মেছেদার আন্দুলপোতা গ্রামের বাসিন্দা মন্টু দাস। প্রতিকূলতার মধ্যেও এমএ এবং বিএড পাশ করেও দীর্ঘদিন কর্মহীন ছিলেন তিনি। আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চাকরি পাননি। অবশেষে পূর্ব মেদিনীপুরের ‘জনতার দরবারে’ আবেদন জানিয়ে মিলল সমাধান।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে পূর্ব মেদিনীপুরে ‘জনতার দরবার’ চালু হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনের আধিকারিকরা সেখানে মানুষের সমস্যার কথা শোনেন। এমনই এক দরবারে নিজের ভগ্নিপতির কাঁধে চেপে হাজির হয়েছিলেন মন্টু। সেখানে তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা এবং দীর্ঘদিন কর্মহীন থাকার কথা জানান।

মন্টুর শারীরিক অবস্থা ও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করেন জেলা পরিষদের সভাধিপতি। বুধবার তাঁকে মেছেদার শান্তিপুরের একটি পিএইচই সেকশনে পাম্প অপারেটর পদে নিয়োগের চিঠি দেওয়া হয়। পাশাপাশি যাতায়াতের সুবিধার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি ব্যাটারিচালিত ট্রাই-সাইকেল।

চাকরি ও ট্রাই-সাইকেল পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মন্টু ও তাঁর পরিবারের সদস্যরা। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে ‘জনতার দরবার’ কার্যকর ভূমিকা পালন করছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande