
হাওড়া, ১২ আগস্ট (হি.স.): ভোররাতে আচমকা রাস্তা বসে যাওয়ায় হাওড়ার সালকিয়া উড়িয়াপাড়া সংলগ্ন জিটি রোডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার ভোর ৪টে নাগাদ ব্যস্ত জিটি রোডের ওপর বড় ফাটল দেখা দেওয়ার পর রাস্তার একটি অংশ ধসে যায়। এর জেরে ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি ট্রাফিক পুলিশ। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ধসের জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। পাশাপাশি হাওড়া পুরসভা ও পূর্ত দফতরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করেন।
পূর্ত দফতরের সাব-ইঞ্জিনিয়ার প্রজ্জ্বল গুপ্ত জানান, ভূগর্ভস্থ এইচএমসি লাইন ভেঙে যাওয়ার ফলেই মাটি ধসে এই ঘটনা ঘটে থাকতে পারে। রাস্তা দ্রুত চলাচলের উপযোগী করতে বালি ও মাটি দিয়ে ধসের অংশ ভরাট করে মেরামতির কাজ চলছে। তবে ধসের পরিধি বড় হওয়ায় রাস্তা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
এদিকে রাস্তা বন্ধ থাকায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যান চলাচল সামলানোর কাজ চালিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়