
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনস্থ ‘ডিরেক্টরেট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামস’-এর এক বিশেষ পোর্টাল তথা ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা হলো। বুধবার রাজ্য সচিবালয়ে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে ওয়েবসাইটটির শুভ উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ওয়েবসাইটটির মাধ্যমে সাধারণ নাগরিক খুব সহজেই পশ্চিমবঙ্গের সুপ্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, বিরল স্থাপত্য এবং ঐতিহাসিক ভাস্কর্য সংক্রান্ত তথ্য হাতের নাগালে পেয়ে যাবেন। সাধারণ মানুষের পাশাপাশি প্রত্নতত্ত্ব ও ইতিহাস নিয়ে গবেষণারত গবেষক ও শিক্ষার্থীদের জন্যও এটি বিশেষ সহায়ক হবে। ওয়েবসাইটে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজিটাল নথি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যার সাহায্যে জেলাভিত্তিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানা সম্ভব হবে। এর পাশাপাশি রাজ্যে ছড়িয়ে থাকা প্রত্নসম্পদ সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষায় সরকারের নেওয়া বহুমুখী পদক্ষেপের তথ্যও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও ওয়াকিবহাল করতেই এই বিশেষ ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে এই অনলাইন প্ল্যাটফর্মকে আরও উন্নত ও তথ্যসমৃদ্ধ করে তোলাই আমাদের অন্যতম অগ্রাধিকার।পূর্ববর্তী জমানার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, অতীতে রাজ্যে ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে উপযুক্ত গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর প্রত্যাশা, বর্তমান সরকার কেন্দ্রের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে ঐতিহাসিক স্থান ও প্রত্নসম্পদ সংরক্ষণের কাজকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত