
কলকাতা, ১২ আগস্ট (হি. স. ) : নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ। বুধবার রাজ্য বিধানসভায় পুলিশকে সেই নির্দেশই দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশ্ন উঠেছে, তবে কি এবার গ্রেফতার হবেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর চাপানউতোর।
মুখ্যমন্ত্রী অবশ্য জানান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং অনন্ত মহারাজের চাপ যে ক্রমশ বাড়ছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “যারা সামাজিক মাধ্যমে নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। পুলিশকে তাদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। অসম্মানজনক পোস্ট মুছে দিতে হবে। তবে মুছে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়। পুলিশ নির্দিষ্ট নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে। এক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে। কেউ হস্তক্ষেপ করবে না। নেতাজিকে অসম্মানে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে পুলিশ।”
সেক্ষেত্রে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও যে বাদ যাবে না, তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলেই সাফ জানান তিনি। তার ফলে অনন্ত মহারাজের বিপদ যে ক্রমশ বাড়ছে, তা বলাই বাহুল্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত