
কলকাতা, ১২ আগস্ট (হি. স.): পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগসাজশের অভিযোগে এক সন্দেহভাজন পাক গুপ্তচরকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতের নাম রানা রউফ। তিনি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা বলে তদন্তকারীদের দাবি। অভিযোগ, ভারতীয় সেনা, বিএসএফ এবং রেল পরিকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করছিলেন তিনি।
বুধবার এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সাল থেকে নেপালে থাকার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করেন রানা। তদন্তকারীদের দাবি, ‘ওয়াহফ’ নামে জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করতেন তিনি। ওই নথিতে কলকাতার তপসিয়া এলাকার একটি কাল্পনিক ঠিকানা ব্যবহার করা হয়েছিল। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে সেই জাল নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগ, কলকাতায় ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ, বিএসএফের মোতায়েন ও গতিবিধি নজরে রাখা এবং রেলের বিভিন্ন পরিকাঠামো ও কার্যকলাপের তথ্য সংগ্রহের দায়িত্ব ছিল রউফের। নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের এই গুপ্তচরচক্রে যুক্ত করানোর চেষ্টাও তিনি করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রউফের সঙ্গে যোগাযোগের অভিযোগে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর ভূমিকা এবং চক্রের বিস্তার নিয়ে তদন্ত চলছে। বাংলাদেশ হয়ে পাকিস্তানে পালানোর পরিকল্পনা ছিল রউফের, এমনই দাবি তদন্তকারীদের। নেপাল ও ভারতের মধ্যে তাঁর গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়