অন্নপূর্ণার টাকা না মেলায় ক্ষোভ, অঙ্গনওয়াড়ি কর্মীদের হুমকির অভিযোগ—নিরাপত্তার দাবিতে ডেপুটেশন
মালদা, ১২ আগস্ট (হি.স.): নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্যের যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা করে পাবেন। কিন্তু ভোটের প্রায় তিন মাস পরেও বহু মহিলার অ্যাকাউন্টে সেই টাকা না পৌঁছনোয় ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভের আঁচ এসে পড়
আঙ্গণয়ারি কর্মী বিক্ষোভ


মালদা, ১২ আগস্ট (হি.স.): নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্যের যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা করে পাবেন। কিন্তু ভোটের প্রায় তিন মাস পরেও বহু মহিলার অ্যাকাউন্টে সেই টাকা না পৌঁছনোয় ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভের আঁচ এসে পড়ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর। পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে বুধবার বিডিও এবং সিডিপিও-র কাছে ডেপুটেশন দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

অভিযোগ, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী নির্ধারণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে সার্ভে চলছে। সেই কাজ করতে গিয়ে বিভিন্ন এলাকায় তাঁদের গালিগালাজ এবং মারধরের হুমকির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে টাকা না পাওয়াকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ইতিমধ্যে একাধিকবার বিডিও অফিসে এসে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা।

বুধবার সকাল ১১টা নাগাদ মাঝড়া গ্রাম পঞ্চায়েতের চ্যাংতোর পিঠাখাকি সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মী কাকলি টিকাদার জানান, টাকা না পাওয়ায় স্থানীয় কয়েকজন মহিলা তাঁর উপর ক্ষোভ প্রকাশ করছেন। তাঁর অভিযোগ, গাড়ি থেকে নামলেই তাঁকে ঘিরে গালিগালাজ ও ভয় দেখানো হচ্ছে।

কাকলির আশঙ্কা, চলতি মাসেও টাকা না পেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। সরকারি নির্দেশ মেনে সার্ভের কাজ করতে গিয়ে যাতে কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক—এই দাবি জানিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande