
বরাবাঁকি, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার রামনগরে আয়োজন করা হল তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে এই যাত্রায় পা মেলান পড়ুয়া, শিক্ষক, বিজেপি কর্মী-সমর্থক-সহ স্থানীয় বাসিন্দারা। ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে এদিন মুখর হয়ে ওঠে রামনগরের বিভিন্ন এলাকা।
পঞ্চমুখী হনুমান মন্দির চত্বর থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়। প্রাক্তন বিজেপি বিধায়ক শরদ কুমার অবস্থীর নেতৃত্বে শুরু হওয়া এই যাত্রা রামনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে বুধবল চৌমাথায় অবস্থিত ইউনিয়ন ইন্টার কলেজে গিয়ে শেষ হয়।যাত্রায় পিজি কলেজ এবং ইউনিয়ন ইন্টার কলেজের বহু শিক্ষক ও পড়ুয়া অংশ নেন। তাঁদের পাশাপাশি বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদেরও উৎসাহের সঙ্গে তিরঙ্গা হাতে যাত্রায় সামিল হতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুধীর কুমার সিং-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। যাত্রাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য স্থানীয় পুলিশ ও প্রশাসনের তরফে নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছিল।
তিরঙ্গা যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শরদ কুমার অবস্থী বলেন, জাতীয় পতাকা দেশের সম্মান, গৌরব ও ঐক্যের প্রতীক। স্বাধীনতা দিবসের আগে এই ধরনের কর্মসূচির মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। বিশেষ করে যুবসমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সচেতনতা আরও বাড়ানোই এই তিরঙ্গা যাত্রার অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। তাঁদের অবদান ও আত্মবলিদানকে স্মরণ করা এবং আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার মূল্য তুলে ধরা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সেই বার্তাই তিরঙ্গা যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস