
শ্রীভূমি (অসম) ১২ আগস্ট (হি.স.) : শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে জননিরাপত্তা, সামাজিক শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শ্রীভূমি জেলাজুড়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। বুধবার জারি করা এই নিষেধাজ্ঞা অনুসারে শান্তি বিঘ্নিত হতে পারে এমন যেকোনো উদ্দেশ্যে প্রকাশ্য স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রিত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অনুসারে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া জেলায় কোনো প্রকার র্যালি, মিছিল, ধর্না বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। তবে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক ব্যবস্থা ইত্যাদি এবং কর্মরত রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পুরো শ্রীভূমি জেলায় বলবৎ থাকবে। আদেশের লঙ্ঘন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস