
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকাল পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় কমলা সতর্কতা জারি হয়েছে। শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কয়েক দফায় ২০-৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও সতর্কতা রয়েছে।
সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় ১৫ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়