
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): “আপনার তো আরও ছ’মাস মেয়াদ ছিল। তা শেষ হওয়ার আগেই আপনি পালালেন কেন?” বুধবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে এই প্রশ্ন করলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।
চলতি বছরে শেষেই রাজ্যে হতে পারে পুরনির্বাচন। এই নির্বাচনের আগেই কলকাতা এবং হাওড়ায় ওয়ার্ড পুনর্বিন্যাস চায় রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই হাওড়া এবং কলকাতা পুরসভা সংক্রান্ত দু’টি পৃথক সংশোধনী বিল পাশ হয়েছে বিধানসভায়।
তা নিয়ে আলোচনা প্রসঙ্গে সজল এদিন বলেন, “পুরসভা একটা সার্ভিস ইন্ডাস্ট্রি। মানুষকে পরিষেবা আপনাকে দিয়ে যেতেই হবে। কিন্তু তা না করে আপনি পালিয়ে গেলেন।”
প্রসঙ্গত, দ্য কলকাতা কর্পোরেশন মিউনিসিপ্যাল (সংশোধনী) বিল, ২০২৬ পেশের আগে এদিন আলোচনায় অংশ নেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন কাউন্সিলর সজল ঘোষ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত