
উত্তর ২৪ পরগনা, ১২ আগস্ট (হি.স.): চুরির অভিযোগে ধৃত এক যুবককে গণধোলাই দেওয়ার সময় প্রহারকারী ভাইকে আটকেছিল দাদা! সেই আটকানোই যেন কাল হল। দাদাকে গুলি করে খুন করল ভাই!
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটে। মঙ্গলবার গভীর রাতের ওই ঘটনায় এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ভাই-সহ চার যুবককে পাকড়াও করেছে পুলিশ।
মৃত যুবকের নাম প্রশান্ত শীল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় চুরির অভিযোগে এক যুবককে ধরা হয়। ওই অভিযুক্তকে মারধর গশুরু করে এলাকার কয়েকজন যুবক! প্রশান্ত শীলের ভাই সূর্যও সেই দলে ছিল। রাত একটা নাগাদ ওই মারধরের সময় প্রশান্ত সেখানে উপস্থিত হন। গণপিটুনি খাওয়া ওই যুবককে উদ্ধার করেন তিনি।
ভাইকে মারধর করতেও বাধা দেওয়া হয়। মার খাওয়া যুবককে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন প্রশান্ত।
ঘটনায় সব রাগ গিয়ে পড়ে প্রশান্তের উপরে। খুড়তুতো ভাই সূর্য দাদা প্রশান্ত শীলকে লক্ষ্য করে গুলি চালায়। বুকে গুলি লাগলে সেখানেই পড়ে যান প্রশান্ত। তাঁকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কলকাতায় নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়। ঘটনার কথা বসিরহাট থানায় জানানো হলে পুলিশ সূর্য শীল-সহ চার অভিযুক্তকে পাকড়াও করে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তদের আদালতেও তোলা হয়। ঘটনায় আর কারা জড়িয়ে? সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত