মুখ্যমন্ত্রীর ‘পুরনো ফাইল খোলার’ নির্দেশের পর কেশপুরে তৃণমূল নেতা গ্রেফতার, ২ দিনের পুলিশ হেফাজত
মেদিনীপুর, ১২ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রীর পুরনো মামলা খোলার নির্দেশের পরেই কেশপুরে তৃণমূলের যুব নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে টয়কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কেশপুর থেকে মুখ্যমন্ত্রী পুরনো ফাইল খোলার নির্দেশ দেওয়ার পর ব
টয় গ্রেফতার


মেদিনীপুর, ১২ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রীর পুরনো মামলা খোলার নির্দেশের পরেই কেশপুরে তৃণমূলের যুব নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে টয়কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কেশপুর থেকে মুখ্যমন্ত্রী পুরনো ফাইল খোলার নির্দেশ দেওয়ার পর বুধবার সকালে জমি সংক্রান্ত মামলা, মারধর, তোলাবাজি এবং প্রাণহানির চেষ্টার মতো একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আসিফ ইকবাল কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং প্রাক্তন কেশপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। একসময় পুলিশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতারও অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রের দাবি। গ্রেফতারের পর বুধবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়।

সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়েছিল। তবে আদালত দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ফলে আগামী দু’দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করবে কেশপুর থানার পুলিশ।

অন্যদিকে, ধৃত আসিফ ইকবাল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশের দাবি, একাধিক অভিযোগের তদন্তের স্বার্থেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলাগুলির নেপথ্যে আরও কোনও তথ্য বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande