
কলকাতা, ১২ আগস্ট (হি স)। “আরেকজন তামাশা সৃষ্টিকারী হাজির! নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বোস 'জেন-জি' -র দ্বারা অনুপ্রাণিত হয়ে 'আজাদ হিন্দ পার্টি' গঠনের পরিকল্পনা করছেন।” বুধবার চন্দ্র কুমার বোসকে এক্সবার্তায় এভাবে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, চন্দ্রবাবু 'আজাদ হিন্দ পার্টি' চালু করবেন। তিনি 'জেন-জি'-র নেতৃত্বে হওয়া যন্তর মন্তরের বিক্ষোভ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন এবং দুর্নীতি নিয়ে তরুণদের মধ্যে যে ক্রমবর্ধমান হতাশা তৈরি হয়েছে, তাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সর্ব-অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ আদর্শের পথে পরিচালিত করতে চাইছেন।
চন্দ্র কুমার বসু হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি (গ্র্যান্ড-নেফিউ) এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাবন্ধিক। তিনি ২০১৬ সালে বিজেপি-তে যোগ দিয়ে দলের রাজ্য কমিটির সহ সভাপতি পদ পান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাসবিহারী কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে হেরে পরবর্তীকালে দলীয় মতপার্থক্যের কারণে তিনি বিজেপি ত্যাগ করে গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। ফলাফল প্রকাশের পর তিনি তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত