
ঝাড়গ্রাম, ১২ জুলাই (হি. স.): দোকানের পিছনের দেওয়াল ভেঙে জেনারেটরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ-সহ একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগ উঠল ঝাড়গ্রাম থানার সেবায়তন এলাকায়। বুধবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে মালিক শঙ্কর অধিকারীর। ঘটনায় কার্যত হতভম্ব হয়ে পড়েন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দোকানে জেরক্সের পাশাপাশি বিভিন্ন ধরনের অনলাইন পরিষেবার কাজ করা হয়। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে দোকানের কাজ চালানো হত। প্রতিদিন রাতে দোকানেই থাকতেন শঙ্কর। তবে মঙ্গলবার রাতে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তিনি লোহামেলিয়ায় নিজের বাড়িতে চলে যান।
বুধবার সকালে দোকানে ফিরে শঙ্কর দেখেন, পিছনের দেওয়ালের একটি অংশ ভাঙা রয়েছে। দোকানের ভিতরে ঢুকে তিনি লক্ষ্য করেন, জেনারেটরের অল্টারনেটর, তিনটি স্টেবিলাইজার এবং বিদ্যুৎ সরবরাহের বেশ কিছু তার উধাও। যদিও দোকানে থাকা জেরক্স মেশিন ও কম্পিউটার অক্ষত রয়েছে।
শঙ্করের দাবি, চুরি যাওয়া অল্টারনেটরের বাজারমূল্য ৮০ হাজার টাকারও বেশি। অন্যান্য সরঞ্জাম মিলিয়ে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা তাঁর।
দোকানের পরিস্থিতি দেখে স্থানীয়দের একাংশের ধারণা, দোকান সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল এমন কেউ এই চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার বিষয়ে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন দোকান মালিক। পুলিশ তদন্ত শুরু করলে চুরির কিনারা হতে পারে বলে আশা স্থানীয়দের।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো