
সারণ, ১২ আগস্ট (হি.স.) : অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের রামগড়ের দুই ব্যবসায়ীকে নিরাপদে উদ্ধার করল সারণ জেলা পুলিশ। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গৌরা থানার জওয়ানিয়া গ্রামে অভিযান চালিয়ে এই সাফল্য পায় জেলা গোয়েন্দা শাখা ও স্থানীয় পুলিশের যৌথ দল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামগড়ের বাসিন্দা আকাশ কুমার চৌধুরী ও রাকেশ কুমার দত্তকে ছাপরা কচেরি স্টেশনের কাছ থেকে একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়। এরপর জওয়ানিয়ার ব্রহ্মস্থান এলাকার একটি বাড়িতে তাঁদের আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে মঢ়ৌরা-১ এসডিপিওর নেতৃত্বে গৌরা, মঢ়ৌরা থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার দল ওই বাড়িটি ঘিরে ফেলে। সেখান থেকেই দুই ব্যবসায়ীকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে জওয়ানিয়ার বাসিন্দা আশুতোষ কুমার, বহুয়ারার বাসিন্দা রৌশন কুমার ও হর্ষিত কুমার এবং পূর্ণাডিহের বাসিন্দা রাহুল কুমার পাণ্ডে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দুটি দেশি পিস্তল, একটি ছুরি, একটি লোহার অস্ত্র, চারটি মোবাইল ফোন, এক বোতল বিদেশি মদ এবং অপহরণে ব্যবহৃত গাড়ি উদ্ধার হয়েছে।ঘটনায় গৌরা ও নগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত আরও কয়েকজন এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস