
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে নতুন একটি অঞ্চল তৈরি হচ্ছে, এরই প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। বুধবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন, বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।
অলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ায় হতে পারে ভারী বৃষ্টি। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়ায়। রবিবার থেকে কমবে বৃষ্টির প্রকোপ। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আগামী সোমবার পর্যন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ