
দক্ষিণ ২৪ পরগনা, ১২ আগস্ট (হি.স.): বর্ষার মরশুমে প্রাকৃতিক দুর্যোগে মর্মান্তিক ঘটনা। চাষের জমিতে ধান রোপণের সময় আচমকা বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার। বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট পঞ্চায়েতের সীতারামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ দিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম পূর্ণিমা জানা। তাঁর বাড়ি সীতারামপুর গ্রামেই। বুধবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও পূর্ণিমা দেবী অন্যান্য কয়েকজনের সঙ্গে মাঠে ধানের চারা রোপণের কাজ করছিলেন। আচমকাই প্রচণ্ড শব্দে বাজ পড়ে ওই জমিতে। জমিতে যাঁরা কাজ করছিলেন, তাঁরা সকলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক পূর্ণিমা জানাকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতে আহত অন্য দুই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন বলে জানা গেছে। আচমকা এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ