
আরামবাগ , ১২ আগস্ট (হি.স.): গোঘাটেও রয়েছে মাছ চোর, অভিযোগ বিধায়ক প্রশান্ত দিগরের। ‘মাছ চোর শুধু শোকাত মোল্লা নয়, মাছ চোর গোঘাটেও রয়েছে' গোঘাট গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগর।
বুধবার গোঘাট গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান বিধায়ক। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গোঘাট গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় ১০ থেকে ১২টি পুকুর রয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ওই পুকুরগুলিতে তৃণমূল নেতারা মাছ চাষ করে আসছেন। কিন্তু পঞ্চায়েতের খাতে এর জন্য কোনও অর্থ জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বিধায়কের আরও অভিযোগ, পঞ্চায়েতের সম্পত্তি ব্যবহার করে মাছ চাষ করা হলেও তার কোনও হিসাব বা রাজস্ব পঞ্চায়েতে জমা পড়ছে না। বিষয়টি নিয়ে তিনি পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিধায়কের এই অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতাদের পক্ষ থেকে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA