
আরামবাগ , ১২ আগস্ট (হি.স.): স্বাধীনতার ৮০-তম বর্ষউদযাপন উপলক্ষে হচ্ছে ‘হর ঘর তেরঙ্গা ২০২৬’ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার গোঘাট ১ নম্বর ও ২ নম্বর ব্লকের উদ্যোগে স্কুলপড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতার।
খুদে পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের ভাবনা আরও গভীর করে তুলতেই এই উদ্যোগ। প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এলাকার স্কুলপড়ুয়ারা। তাঁদের উৎসাহিত করতে প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি হাতে তুলে দেওয়া হয় দেশের গর্বের জাতীয় পতাকা।
গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার বলেন, আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য ও দেশের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ছোটদের উৎসাহিত করার এই উদ্যোগ আগামী দিনে তাঁদের দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
শিশুদের হাতে পুরস্কারের পাশাপাশি জাতীয় পতাকা তুলে দিয়ে ‘হর ঘর তেরঙ্গা’র বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ প্রয়াস হিসেবেই দেখছেন উদ্যোক্তারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA