কুপার্সে অবৈধ ভূগর্ভস্থ জল উত্তোলনের অভিযোগ, পালটা সাফাই ব্যবসায়ীর—রাজনৈতিক বিতর্ক তুঙ্গে
রানাঘাট, ১২ আগস্ট (হি. স.):নদিয়ার রানাঘাট-২ ব্লকের অন্তর্গত কুপার্স পৌর এলাকায় ভূগর্ভস্থ জল উত্তোলন ও জল ব্যবসাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একদল জল ব্যবসায়ী ‘একোয়াসৃজা’ নামে একটি সংস্থার বিরুদ্ধে লাইসেন্স ও বৈধ নথি ছাড়াই ব্যবসা
অবৈধ জল উত্তোলন


রানাঘাট, ১২ আগস্ট (হি. স.):নদিয়ার রানাঘাট-২ ব্লকের অন্তর্গত কুপার্স পৌর এলাকায় ভূগর্ভস্থ জল উত্তোলন ও জল ব্যবসাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একদল জল ব্যবসায়ী ‘একোয়াসৃজা’ নামে একটি সংস্থার বিরুদ্ধে লাইসেন্স ও বৈধ নথি ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ব্যবসাটির পিছনে রাজনৈতিক আশ্রয় থাকারও অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, এলাকায় ভূগর্ভস্থ জলস্তর কমে যাওয়ায় প্রশাসনের নির্দেশে তাঁদের জল ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। অথচ ‘একোয়াসৃজা’ সমস্ত নিয়ম উপেক্ষা করে এখনও জল উত্তোলন ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাঁদের আরও অভিযোগ, সংস্থাটির পর্যাপ্ত বৈধ লাইসেন্স বা বোরিং সংক্রান্ত অনুমোদন নেই। বিষয়টি নিয়ে তাঁরা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন বলেও দাবি।

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ‘একোয়াসৃজা’-র মালিক সমর ডাকুয়া বুধবার জানান, অভিযোগকারীদের ব্যবসা সরকারি নিয়ম মেনে চলার মতো বৈধ নথি না থাকায় বন্ধ হয়েছে। তাঁর নিজের ব্যবসার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ও সরকারি অনুমোদন রয়েছে বলেও দাবি করেন তিনি।

রাজনৈতিক আশ্রয়ের অভিযোগও অস্বীকার করেছেন সমর। তিনি জানান, ২০১৮ সাল থেকে তিনি বিজেপি করেন। তাঁর ব্যবসার বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে আগেই তা বন্ধ হয়ে যেত। তাঁর সুনাম নষ্টের চেষ্টা হলে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande