
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): রাজ্যের সাধারণ নাগরিকদের সরকারি সুবিধা পৌঁছে দেওয়া ও স্থানীয় স্তরে সহযোগিতা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই ‘বিধায়ক সেবা কেন্দ্র’ খোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি জানান, এই কেন্দ্রগুলি পরিচালনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। তবে এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্তাবলি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
শর্তানুযায়ী, সমস্ত বিধানসভা কেন্দ্রের এই কার্যালয়গুলির নাম বাধ্যতামূলকভাবে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ রাখতে হবে। এ ছাড়া, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে ধুতি-পাঞ্জাবি পরিহিত নেতাজির একটি বিশেষ প্রতিকৃতি সরবরাহ করা হবে, যা প্রতিটি সেবা কেন্দ্রে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বিধানসভায় এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটিকে প্রস্তাব বা শর্ত যাই বলা হোক না কেন, বিধানসভার অধ্যক্ষ মহাশয় বিষয়টি তদারকি করবেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই নির্ধারিত শর্তাবলি যথাযথভাবে পালন করলেই রাজ্য সরকারের নির্ধারিত অনুদান পাওয়া যাবে।
তিনি আরও জানান, পরবর্তী বিধানসভা অধিবেশনে অর্থালয় ও রাজ্য বাজেট প্রক্রিয়ার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। সংশোধনী পাস হওয়ার পরেই সহায়তা অর্থ প্রদান শুরু হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, চলতি আগস্ট মাস থেকেই প্রতি মাসে এই ৩০ হাজার টাকার অনুদান প্রদান কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।
সরকারের মতে, এই বিধায়ক সেবা কেন্দ্রগুলির মাধ্যমে স্থানীয় স্তরে সাধারণ মানুষ সরকারি প্রকল্প, প্রয়োজনীয় নথিপত্র সংশোধন এবং নানা নাগরিক পরিষেবা সম্পর্কিত সহায়তা খুব সহজেই পাবেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যাঁর কাছেই সাহায্য চাইতে আসবেন, তাঁকেই নিরপেক্ষভাবে সাহায্য করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সংসদ সদস্য অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বিশেষ ঘোষণা সেই বিতর্কিত আবহে নেতাজির ঐতিহ্য রক্ষায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।
হিন্দুস্থান সমাচার / সোনালি