
মালদা, ১২ আগস্ট (হি.স.): সমবায় সমিতির কয়েক কোটি টাকার জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগে পুলিশের তলবে চাঁচল থানায় হাজিরা দিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। বুধবার থানা থেকে বেরোনোর সময় তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
চাঁচলের সিঙ্গিয়া মৌজায় অবস্থিত সমবায় সমিতির প্রায় ১৩ শতক জমি বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ ওঠে। জানা গেছে, ওই জমির বাজারমূল্য কয়েক কোটি টাকা। অভিযোগে দাবি করা হয়েছে, বিধায়কের প্রত্যক্ষ মদতেই এই মূল্যবান জমি বিক্রি করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের স্বার্থেই তাঁকে থানায় ডেকে পাঠানো হয়।
যদিও সব অভিযোগ অস্বীকার করেন বিধায়ক সমর মুখার্জি। তিনি জানান, জমি বিক্রির বিষয়ে তিনি কিছু জানেন না। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই বলে দাবি বিধায়কের। তবে, স্থানীয়দের বিক্ষোভ ও স্লোগানের মুখে একসময় মেজাজ হারান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ