
হুগলি , ১২ আগস্ট (হি.স.): তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে শিবভক্ত ও জলযাত্রীদের যাত্রাপথ আরও নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হল। বুধবার গোঘাট বামুনিয়া সন্ন্যাস আশ্রমের পক্ষ থেকে তারকেশ্বর স্টেশন চত্বরে আয়োজন করা হল বিশেষ সেবা শিবিরের।
শিবভক্তদের সুস্বাস্থ্য ও প্রয়োজনীয় সহায়তার কথা মাথায় রেখে শিবিরে চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিভিন্ন ধরনের সেবামূলক ব্যবস্থা রাখা হয়। দূর-দূরান্ত থেকে তারকেশ্বরে আসা জলযাত্রী ভক্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রয়োজনীয় সাহায্য ও পরিষেবা প্রদান করেন শিবিরের উদ্যোক্তারা।
এই উদ্যোগে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। শ্রাবণী মেলার মতো বৃহৎ ধর্মীয় সমাবেশে ভক্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবায় নিয়োজিত থাকার এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাবা তারকনাথের দর্শনে আসা প্রতিটি শিবভক্ত যাতে সুস্থ ও নিরাপদে তাঁদের যাত্রা সম্পন্ন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই সেবা শিবিরের আয়োজন।
শ্রাবণ মাসের পুণ্যতিথিতে সেবার এই উদ্যোগে ভক্তদের মধ্যেও উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA