১৬ আগস্ট বাংলায় 'আয়ুষ্মান ভারত' পরিষেবা চালুর সূচনা করবেন জেপি নাড্ডা
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): আগামী ১৬ আগস্ট কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় ‘আয়ুষ্মান ভারত’ যোজনার স্বাস্থ্য পরিষেবা চালুর ঐতিহাসিক সূচনা করবেন তিনি। রাজ্যে
১৬ আগস্ট বাংলায় 'আয়ুষ্মান ভারত' পরিষেবা চালুর সূচনা করবেন জেপি নাড্ডা


কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): আগামী ১৬ আগস্ট কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় ‘আয়ুষ্মান ভারত’ যোজনার স্বাস্থ্য পরিষেবা চালুর ঐতিহাসিক সূচনা করবেন তিনি। রাজ্যে বর্তমান বিজেপি সরকারের ১০০ দিন পূর্তির ঠিক আগের মুহূর্তে এই মেগা কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ১৬ আগস্ট নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত মূল ‘আয়ুষ্মান ভারত’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ আগস্ট দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে এবং ওই দিন থেকেই রাজ্যবাসী এই কল্যাণমূলক যোজনার সুবিধা পেতে শুরু করবেন। প্রশাসনিক সূত্রের খবর, ১৭ আগস্টও নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত সংক্রান্ত দ্বিতীয় একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে, ১৬ আগস্ট কলকাতায় আয়োজিত বিজেপির বিশেষ বক্তা প্রশিক্ষণ শিবিরেও অংশ নিতে পারেন জে পি নাড্ডা। আগামী ২২ থেকে ৩০ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে আয়োজিত হতে যাওয়া প্রশিক্ষণ শিবিরগুলির জন্য দলের মূল বক্তাদের তৈরি করাই এই কর্মসূচির লক্ষ্য। শিবিরে বিজেপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশ এবং রাজ্য প্রভারী সুনীল বনশলের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই সফর হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত কলকাতা সফরের ঠিক আগেই। আগামী ২০ আগস্ট অমিত শাহের কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে এবং ২১ ও ২২ আগস্ট তিনি সরকার ও দলীয় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ১৯ আগস্ট রাজ্য সরকারের ১০০ দিন পূর্ণ হতে চলেছে এবং সেই বিশেষ মাইলফলককে সামনে রেখেই শাহের সফরের পূর্ণ প্রস্তুতি চলছে বলে বিজেপি দলীয় সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande