নার্স রুপালি বর্মনের রহস্যমৃত্যু, নিরপেক্ষ তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি পরিবারের
পটাশপুর, ১৩ আগস্ট (হি.স.): কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত নার্স রুপালি বর্মনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ-এর শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত নার্সের বাড়
রূপালী


পটাশপুর, ১৩ আগস্ট (হি.স.): কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত নার্স রুপালি বর্মনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ-এর শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা এলাকার সাউথ খণ্ড গ্রামে।

রুপালির মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা জানান, অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে নার্সের চাকরি পেয়েছিলেন রুপালি। কৃষক পরিবারের মেয়ে হিসেবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণ করেছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে বাবার বাড়িতে এসেছিলেন রুপালি। সেখান থেকে কর্মস্থলে ফিরে যাওয়ার পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। রুপালির বাবা অর্জুনচন্দ্র বর্মন জানান, বুধবার রাতে তাঁর জামাই ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেন। এরপর থেকেই ভেঙে পড়েছে গোটা পরিবার।

পরিবারের দাবি, রুপালির স্বভাব ভালো ছিল এবং তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগের কথা তাঁরা কখনও শোনেননি। তাই কীভাবে তাঁর মৃত্যু হল, তা জানতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে সমস্ত দিক খতিয়ে দেখার আবেদন করা হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছে পরিবার। তদন্তে কোনও গাফিলতি ধরা পড়লে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande