
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): কলকাতার উপকন্ঠে দমদম ক্যান্টনমেন্টে এলাকার ভাড়াবাড়ি থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর এলাকায় ভাড়াবাড়ি থেকে এক মহিলার কম্বলে মোড়ানো রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম জয়া প্রামাণিক। দমদম থানার পুলিশ তদন্তে নেমেছে।
দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার রাতে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ভাড়া বাড়ি থেকে রাতে কম্বলে মোড়ানো অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। মৃতার নাম জয়া প্রামাণিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দু’বছর ধরে সুভাষনগরের ওই ভাড়া বাড়িতে থাকতেন তিনি। এলাকার বাসিন্দাদের দাবি, এক ব্যক্তিকে প্রায়ই জয়ার সঙ্গে দেখা করতে ওই বাড়িতে আসতে দেখা যেত। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, জয়ার তিন বছরের একটি সন্তান রয়েছে। কাজের প্রয়োজনে তাঁকে প্রায়ই বাইরে যেতে হত। সেই কারণে শিশুটি শ্যামবাজারে তার বাবার বাড়িতে থাকত। পুলিশ তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ