
শ্রীভূমি (অসম), ১৩ আগস্ট (হি.স.) : আসন্ন ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার সরকারি কার্যালয়গুলিতে জাতীয় পতাকা উত্তোলনের সময় পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগের নির্দেশ অনুসারে, আগামী শনিবার সকাল সাড়ে ৭টায় সমস্ত সরকারি কার্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।
শ্রীভূমির জনসংযোগ প্রেস বার্তায় জানানো হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন সঠিকভাবে ও যথাযথ মর্যাদার সঙ্গে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরগুলিকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি কার্যালয়গুলিতে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। রাজ্য সরকারের নতুন নির্দেশের পর সেই সময়সূচিতে পরিবর্তন এনে সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস