
হাফলং (অসম), ১৩ আগস্ট (হি. স.) : ডিমা হাছাও জেলার মাইবাংয়ে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ এবং শিক্ষকদের জন্য বহুতল আবাসন নির্মাণের পাশাপাশি মাইবাংয়ে চিকিৎসকদের জন্য বহুতল আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উত্তর কাছার পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গর্লোসার সঙ্গে উপস্থিত থেকে প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও পরিষদের বিশিষ্ট সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, বিধায়ক রূপালী লাংথাসা, ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি তথা পরিষদ সদস্য ধৃতি থাওসেন, কার্যনির্বাহ মনজয় লাংথাসা, রতন জারামবুসা এবং প্রবিতা জহরি। এছাড়াও পরিষদ ও প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগকে স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক ও পর্যাপ্ত পাঠাগার শিক্ষার্থীদের পড়াশোনার পরিসর বাড়ানোর পাশাপাশি নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে অডিটোরিয়ামটি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক কর্মসূচি, সভা, সেমিনার এবং বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
অন্যদিকে, শিক্ষকদের জন্য বহুতল আবাসন নির্মাণের ফলে মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আবাসন-সংক্রান্ত সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যালয়ের কাছাকাছি উন্নত আবাসন সুবিধা থাকলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ধরে রাখার ক্ষেত্রেও তা সহায়ক হবে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একইভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। মাইবাংয়ে চিকিৎসকদের জন্য বহুতল আবাসন নির্মাণ হলে কর্মরত চিকিৎসকদের থাকার ক্ষেত্রে উন্নত পরিকাঠামো তৈরি হবে। চিকিৎসকদের আবাসন সুবিধা নিশ্চিত হলে প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকর ও ধারাবাহিক করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ডিমা হাসাওয়ের মতো পাহাড়ি ও ভৌগোলিকভাবে দুর্গম জেলায় শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ দাবি। সেই প্রেক্ষাপটে মাইবাংয়ে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পরিকাঠামো নির্মাণের এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। অনুষ্ঠানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা আশা ব্যক্ত করে বলেন এই প্রকল্প গুলির নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পগুলির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। একই সঙ্গে নির্মাণের ক্ষেত্রে গুণমান, স্বচ্ছতা সর্বোচ্চ মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে মাইবাংয়ের শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং সাধারণ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় মহলের মতে, এই প্রকল্পগুলি শুধু নতুন ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মাইবাংয়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে আরও সুসংহত করার ক্ষেত্রে এগুলি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব