রঘুনাথপুরে চার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, চাঞ্চল্য
সুতি, ১৩ আগস্ট (হি.স.) : মুর্শিদাবাদের সুতির রঘুনাথপুরে একসঙ্গে চার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় গোলাম সারোয়ার বাদশা নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অ
চার শিশুকে কোপানো


সুতি, ১৩ আগস্ট (হি.স.) : মুর্শিদাবাদের সুতির রঘুনাথপুরে একসঙ্গে চার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় গোলাম সারোয়ার বাদশা নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় চার শিশুকেই জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আহত শিশুদের মধ্যে রয়েছে প্রায় পাঁচ বছরের নুসরাত খাতুন, ১০ বছরের ইসরাত খাতুন, প্রায় তিন বছরের মনিফা খাতুন এবং প্রায় ১০ বছরের আলিফা খাতুন। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক শিশুদের মধ্যে তিনজনের মামা এবং একজনের কাকা।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে আচমকাই শিশুদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই সুতির থানায় গিয়ে হাজির হন বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বহু মানুষ জড়ো হন।

কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande