
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.):আরজি কর-কাণ্ডে ‘বৃহত্তর ষড়যন্ত্র’-এর অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার তিনি দাবি করেন, সুপ্রিম কোর্ট যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছিল, সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করতে হবে। নির্মল ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, ঘটনার নেপথ্যে কারা নির্দেশ দিয়েছিল, তা এখনও সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসেনি।
সেলিমের দাবি, ঘটনার পর মৃতদেহ দ্রুত দাহ করে দেওয়া নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশে ভিডিওগ্রাফি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপস্থিতিতে ময়নাতদন্তের কথা বলা হলেও পরিবারকে প্রভাবিত করে দেহ সংরক্ষণ না করেই দ্রুত দাহ করার পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে তদন্তে আরও তথ্য উঠে আসার জন্য দেহ সংরক্ষণ করা উচিত ছিল বলেও দাবি করেন তিনি।
ঘটনার দিন হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত পুলিশি তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন সেলিম। তাঁর অভিযোগ, পুলিশ, স্বাস্থ্য দফতর, পুরসভা এবং প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা গোটা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। এত বড় সিদ্ধান্ত উপরমহলের নির্দেশ ছাড়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়