(আপডেট) পঞ্চায়েতের পরিস্থিতি নিয়ে বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ
বাঁকুড়া, ১৩ আগস্ট (হি.স.): বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম হলে বৃহস্পতিবার বিকেলে জেলার পঞ্চায়েতগুলির কাজের পর্যালোচনা বৈঠক করলেন পঞ্চায়েত দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংব
(আপডেট) পঞ্চায়েতের পরিস্থিতি নিয়ে বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ


বাঁকুড়া, ১৩ আগস্ট (হি.স.): বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম হলে বৃহস্পতিবার বিকেলে জেলার পঞ্চায়েতগুলির কাজের পর্যালোচনা বৈঠক করলেন পঞ্চায়েত দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি জেলাতেই রুরাল ডেভেলপমেন্টের টিম নিয়ে যাওয়া হচ্ছে। মূলত আবাস যোজনার কাজ, স্বচ্ছ ভারত প্রকল্প, সেল্ফ হেল্প গ্রুপ-সহ বিভিন্ন কাজের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে।

দিলীপ ঘোষ বলেন, “আমাদের কর্মচারী কম, কাজ অনেক বেশি। এই কাজগুলিকে কীভাবে আরও ভালোভাবে করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।” এদিন তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিধায়ক ও মন্ত্রী দিবাকর ঘরামী।

অনেক পঞ্চায়েতে তৃণমূলের প্রধানরা কাজ করছেন না, এমনকী পঞ্চায়েতেও আসছেন না—এমন পরিস্থিতিতে উন্নয়নের কাজ কীভাবে চলবে, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “আমরা আইন পাল্টে দিয়েছি, যাতে ওরা না এলেও কাজ হয়।”

গ্রামীণ রাস্তার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে নতুন রাস্তা করা যাবে না। তবে কিছু কিছু কাজ হবে।”

নিজের কাজ নিয়ে তিনি এখনও সন্তুষ্ট নন বলেও জানান। দিলীপ ঘোষ বলেন, “আমরা মাত্র তিন মাস ক্ষমতায় এসেছি। এখানে ওয়ার্ক কালচারটাই নষ্ট হয়ে গিয়েছিল।”

অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “আমরা তো পুরস্কার দিইনি। যারা দিয়েছিলেন, তাঁরা কেন দিয়েছিলেন জানি না। মুখ্যমন্ত্রী বলেছেন, এসব ব্যাপার আমরা সহ্য করব না। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে।”

বৃষ্টির কারণে অন্যান্য উন্নয়নমূলক কাজ শুরু করতে সমস্যা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ৪০ লক্ষ বৃক্ষরোপণ করা হবে। পঞ্চায়েত কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আগামী দিনে ধীরে ধীরে বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

হাতির সমস্যা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, হাতির হামলায় ক্ষতিগ্রস্তরা সরকারের পক্ষ থেকে যে সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা পাবেন। সরাসরি হাতি এসে যাতে আক্রমণ করতে না পারে, তার জন্য পৃথক ড্রেন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। পঞ্চায়েতের মাধ্যমেই এই ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande