
পানিহাটি, ১৩ আগস্ট (হি.স.): পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন তাঁর বড় মেয়ে সন্ধ্যা ঘোষ। তিনি জানান, তাঁর বাবার ৫৩ বছরের রাজনৈতিক জীবনে গ্রেফতারির এই ঘটনা অত্যন্ত কালিমালিপ্ত একটি অধ্যায়। একইসঙ্গে রাজনৈতিক হিংসার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
সন্ধ্যা ঘোষের দাবি, পানিহাটির লোকসংস্কৃতি ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে তিনজনের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ওই তিনজন হলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি। এরপরই তাঁদের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু হয় বলে দাবি করেন তিনি।
সন্ধ্যার বক্তব্য অনুযায়ী, এফআইআর হওয়ার পর নির্মল ঘোষকে ওডিশা থেকে পুলিশ গ্রেফতার করে। তবে গ্রেফতারের পর থেকে বাবার সঙ্গে পরিবারের দীর্ঘদিন কোনও যোগাযোগ নেই বলেও জানান তিনি। তাঁর দাবি, ভাইকে পুলিশ গ্রেফতার করার পর থেকেই নির্মল ঘোষ অন্যত্র চলে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি।
এই পরিস্থিতিতে সন্ধ্যা ঘোষ বলেন, তাঁদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে। আইন আইনের পথেই চলবে এবং তাঁরাও আইনি পথেই এগোবেন। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারও আইন অনুযায়ী হওয়া উচিত বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়