
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি ক্ষতিগ্রস্ত অবস্থায় মেলায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। টালিগঞ্জগামী রাস্তার কাছে তিন মাথার মোড়ে স্থাপিত নেতাজির ওই পূর্ণাবয়ব মূর্তির ডান হাতটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। সকালে স্থানীয় বাসিন্দাদের নজর ওই মূর্তির ওপর পড়তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরাও তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই কাজ করেছে। বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঠিক তদন্ত করতে হবে এবং দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে কিছু বিতর্কিত মন্তব্যের ঘটনা প্রকাশ্যে এসেছে। গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। এই বিতর্কের মাঝেই বৃহস্পতিবার রাজ্য সরকার অনন্ত মহারাজের কাছ থেকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে।
দক্ষিণ কলকাতা বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো ধরনের অপমানজনক মন্তব্য বা আচরণ সহ্য করা হবে না। প্রশাসনকেও এ বিষয়ে কঠোর পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছিল।
তারক বন্দ্যোপাধ্যায় আরও জানান, মুখ্যমন্ত্রীর এই স্পষ্ট বার্তার পরও নেতাজির মূর্তি ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি