
দুর্গাপুর, ১৩ আগস্ট (হি.স.): ‘‘ভুয়ো ভোটার তালিকায় থাকা ৭০ হাজার নাম রয়েছে আবাস যোজনায়। বাদ যাবে সেই নাম। ইতিমধ্যে আবাস যোজনায় সাড়ে ১২ হাজার অযোগ্য উপভোক্তার নাম ধরা পড়েছে। তাঁদের মধ্যে এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। একইভাবে জবকার্ডেরও সার্ভে চলছে। তৈরি হবে নতুন জবকার্ড। সার্ভের কাজে আরও ১৫ দিন মেয়াদ বাড়ানো হয়েছে।’’
বৃহস্পতিবার দুর্গাপুরে দুই বর্ধমান জেলার পঞ্চায়েতের রিভিউ মিটিংয়ে এসে এমনই বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে নির্মল ঘোষ গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সমস্ত পাপের মূলে উনিই ছিলেন।’’
প্রসঙ্গত, প্রায় চার বছর আগে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে যায় একশো দিনের কাজ। রাজ্যে পরিবর্তনের পর নতুন করে কাজ শুরু হয়েছে ওই প্রকল্পের। নাম হয়েছে ভিবি জিরামজি। ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ সুনিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুই বর্ধমান জেলার পঞ্চায়েত ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক-সহ দুই জেলার প্রশাসনিক আধিকারিকরা।
এদিন রিভিউ মিটিং শেষে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্যে আগের সরকারের আমলে ৩০ লক্ষ বাংলা বাড়ি পেয়েছে। তাতে ১২ লক্ষ বাড়ি সম্পূর্ণ হয়েছে। ১৮ লক্ষ বাকি আছে। দ্বিতীয় পর্যায়ে ২০ লক্ষ ২০ হাজার নাম পাঠানো হয়েছে। এদের মধ্যে সাড়ে ১২ হাজার অযোগ্য নাম ধরা পড়েছে। তাঁদের মধ্যে এক হাজার জন বাড়ির টাকা ফেরত দিয়েছেন। বাকিদেরও ফেরত দিতে হবে।’’
আগের সরকারের আমলের একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে একাধিকবার কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসেছে। সেই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘‘চুরির জন্য সব বন্ধ হয়েছিল। আবার চালু হয়েছে। সতর্ক আছি। ১০ শতাংশ পঞ্চায়েতে স্পেশাল অডিট চলছে। যদি অনিয়ম ধরা পড়ে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
তিনি আরও বলেন, ‘‘রাজ্যের পঞ্চায়েতগুলিতে ছ’টি প্রকল্পের কাজের সার্ভে চলছে। আবাস যোজনা, শৌচাগার নির্মাণ-সহ বিভিন্ন বিষয়ে বাড়ি বাড়ি সার্ভে চলছে। বর্ষাকাল, তার উপর ১১ হাজারের বেশি কর্মচারীর ঘাটতি রয়েছে। সেজন্য বেশি সময় লাগছে। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী আরও ১৫ দিন মেয়াদ বাড়ানো হয়েছে।’’
সম্প্রতি রাজ্যে আবাস যোজনার নাম করে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জামতাড়া গ্যাংয়ের ১১ জনকে কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যারা প্রতারণা করেছে, সবাইকে ধরা হবে।’’
ভুয়ো আবাস যোজনা এবং জবকার্ড নিয়ে তদন্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘৭০ হাজার আবাস যোজনায় এরকম নাম রয়েছে, যাদের ৯১ লক্ষ ভুয়ো ভোটার তালিকায় নাম রয়েছে। তাঁদের নাম বাদ যাবে। সেরকমই জবকার্ড যাচাই চলছে। নতুন জবকার্ড জিরামজির জন্য তৈরি হবে।’’
তিনি আরও বলেন, ‘‘আবাস প্লাসে উপভোক্তাদের ৯০ দিনের শ্রমদিবসের মজুরি দেওয়া হবে। অর্থাৎ ২৭ হাজার টাকা বাড়তি দেওয়া হবে।’’
আরজি কর-কাণ্ডে নির্মল ঘোষ গ্রেফতার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘সমস্ত পাপের মূলে উনি ছিলেন। তদন্ত চলছে। নতুন করে যা যা নাম আসবে, সবাই গ্রেফতার হবে।’’
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা