মুরলীগঞ্জ হাই স্কুলে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, শিক্ষার্থীদের করলেন উৎসাহিত
শিলিগুড়ি, ১৩ আগস্ট (হি.স.) : ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার মুরলীগঞ্জ হাই স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে
মুরলীগঞ্জ হাই স্কুলে বিধানসভা স্পিকার রথীন্দ্র বোস


শিলিগুড়ি, ১৩ আগস্ট (হি.স.) : ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার মুরলীগঞ্জ হাই স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। স্কুলে পৌঁছালে ঐতিহ্যবাহী ধামসা-মাদলের সুরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে স্পিকার স্কুলের শিক্ষামূলক ও সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নতুন শ্রেণিকক্ষের উদ্বোধন করেন এবং রক্তদাতাদের উৎসাহ ও সাধুবাদ জানান।

উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রথীন্দ্র বোস বলেন, সরকারি বিদ্যালয় হওয়া সত্ত্বেও মুরলীগঞ্জ হাই স্কুল যেভাবে তাদের সামগ্রিক পরিকাঠামো পরিচালনা করছে, তা বহু ক্ষেত্রে বেসরকারি স্কুলগুলিকেও ছাপিয়ে যাবে। বিদ্যালয়ের এই অভাবনীয় সাফল্য ও সুনাম সমগ্র রাজ্যের সামনে তুলে ধরতে তিনি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় ৫০ জন শিক্ষার্থীকে বিধানসভা পরিদর্শনে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

স্পিকার জোর দিয়ে বলেন যে, শিক্ষার্থীরাই দেশের প্রকৃত ভবিষ্যৎ। শিক্ষার্থীদের সঠিক সুযোগ করে দিয়ে তাঁদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, তিনি যখনই কোনো জেলা সফরে যান, সেখানকার স্থানীয় বিদ্যালয়গুলি পরিদর্শনের চেষ্টা করেন। মুরলীগঞ্জ হাই স্কুলের শিক্ষা ও শৃঙ্খলা থেকেও তিনি বেশ কিছু নতুন বিষয় শিখতে পেরেছেন।

একটি উন্নত ও প্রগতিশীল পশ্চিমবঙ্গ গড়ে তুলতে বিদ্যালয়গুলির ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন স্পিকার। বিধানসভাকে ‘গণতন্ত্রের মন্দির’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আরও বেশি সংখ্যক মানুষের বিধানসভার কার্যপ্রণালী সম্পর্কে জানা ও বোঝা উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ যত বৃদ্ধি পাবে, গণতন্ত্রের ভিত্তি ততই মজবুত হবে। অনুষ্ঠান শেষে স্পিকার শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande