‘নেতাজিকে অপমান করলে কাউকে ছাড়া উচিত নয়’, শিলিগুড়িতে কড়া বার্তা স্পিকারের
শিলিগুড়ি, ১৩ আগস্ট (হি.স.):সারাদিনের একাধিক কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে শিলিগুড়ি শহর ও পাহাড়ের বিভিন্ন কর্মসূচিতে অং
স্পিকার প্রতিক্রিয়া


শিলিগুড়ি, ১৩ আগস্ট (হি.স.):সারাদিনের একাধিক কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে শিলিগুড়ি শহর ও পাহাড়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। কাশিয়ানের নেতাজি মিউজিয়াম পরিদর্শন-সহ একাধিক কর্মসূচি শেষে রাত আটটা নাগাদ সার্কিট হাউসে পৌঁছন স্পিকার।

নেতাজি মিউজিয়াম পরিদর্শনের সময় সেখানে এসডিওর সঙ্গেও কথা বলেন তিনি। মিউজিয়ামকে আরও আধুনিক, সুন্দর ও পর্যটকবান্ধব করে তোলার বিষয়ে আলোচনা হয়। নেতাজির স্মৃতি ও ঐতিহাসিক গুরুত্ব আরও ভালোভাবে তুলে ধরতে মিউজিয়ামের আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার জানান, সকাল থেকে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। শুক্রবার শিলিগুড়িতে তিরঙ্গা যাত্রা রয়েছে। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানান তিনি।

এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গ উঠলে কড়া প্রতিক্রিয়া জানান স্পিকার। তিনি বলেন, নেতাজিকে অপমান করলে কাউকে ছাড়া উচিত নয়। নেতাজি দেশের মানুষের হৃদয়ে রয়েছেন। তাই আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও অনন্ত মহারাজের বঙ্গভূষণ সম্মান প্রত্যাহারের প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিধানসভার স্পিকার।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande