

শ্রীভূমি, (অসম) ১৩ আগস্ট (হি.স.) : আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেম ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিতে নানা কর্মসূচিতে সরব শ্রীভূমি জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজন করা হয় মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত সন্ধ্যা ও বন্দেমাতরম -এর গণসংগীত। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি জেলা আয়ুক্তের কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্বাধীনতা দিবসের আবহে আয়োজিত এই সংগীত সন্ধ্যায় দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আবেগ আরও উজ্জ্বল হয়ে ওঠে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী ১৭ আগস্ট পর্যন্ত জেলায় বিভিন্ন কর্মসূচি চলবে।
এরই অংশ হিসেবে শুক্রবার পালিত হবে দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৫টায় জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এরপর অনুষ্ঠিত হবে মোমবাতি মিছিল, যার মাধ্যমে দেশভাগের সময় প্রাণ হারানো ও দুর্ভোগের শিকার মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
এদিকে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে আরও ব্যাপক করে তুলতে নাগরিক, শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের আগামী ১৭ আগস্ট পর্যন্ত harghartiranga.com ওয়েবসাইটে তিরঙ্গাকে স্যালুট জানিয়ে সেলফি আপলোড করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
১৩ ও ১৪ আগস্ট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনী, বক্তৃতা ও আলোচনা সভারও আয়োজন করা হচ্ছে। পাশাপাশি হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে সন্ধ্যার সময় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
সাধারণ মানুষের হাতে সহজে জাতীয় পতাকা পৌঁছে দিতে জেলার ৩০টি স্থানে জাতীয় পতাকা বিক্রির স্টল খোলা হয়েছে। ফলে নাগরিকরা সহজেই পতাকা সংগ্রহ করে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে পারবেন।
এদিকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার থেকেই জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে সাফাই অভিযান শুরু হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচিও।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত দেশপ্রেম, জাতীয় সংহতি ও সামাজিক সচেতনতার বার্তা নিয়ে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে স্মরণ করে জেলার সর্বস্তরের নাগরিককে এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস