তীব্র গরমে বদলাল শ্রীভূমির স্কুলের সময়সূচি
শ্রীভূমি,(অসম) ১৩ আগস্ট (হি.স.) : তীব্র গরম, অস্বস্তিকর আবহাওয়া ও তাপপ্রবাহের মতো পরিস্থিতির কথা বিবেচনা করে শ্রীভূমি জেলার সরকারি, প্রাদেশিকীকৃত, ভেঞ্চার, সেল্ফ-ফিনান্সড ও বেসরকারি বিদ্যালয়গুলির স্বাভাবিক সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। জেলার স্কুল
তীব্র গরমে বদলাল শ্রীভূমির স্কুলের সময়সূচি


শ্রীভূমি,(অসম) ১৩ আগস্ট (হি.স.) : তীব্র গরম, অস্বস্তিকর আবহাওয়া ও তাপপ্রবাহের মতো পরিস্থিতির কথা বিবেচনা করে শ্রীভূমি জেলার সরকারি, প্রাদেশিকীকৃত, ভেঞ্চার, সেল্ফ-ফিনান্সড ও বেসরকারি বিদ্যালয়গুলির স্বাভাবিক সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। জেলার স্কুল পরিদর্শক কার্যালয় থেকে জারি করা নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশোধিত সময়সূচি কার্যকর থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী, এলপি স্কুলের ক্লাস চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত। এমই স্কুলের সময় সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং এইচএস ও সিনিয়র সেকেন্ডারি স্কুলের সময় সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের বাইরে কোনও ক্লাস চালাতে নিষেধ করা হয়েছে।

তবে চলমান কোনও পরীক্ষা বা বিভিন্ন বোর্ড, কাউন্সিল কিংবা ডিস্ট্রিক্ট ইন্টারনাল এক্সামিনেশন-এর অধীনে নির্ধারিত পরীক্ষায় এই সময়সূচি প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে।

তাপপ্রবাহের পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষায় বিদ্যালয়গুলিকে একাধিক বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সকালবেলার প্রার্থনা বা অ্যাসেম্বলি সম্ভব হলে শ্রেণিকক্ষের ভিতরে অথবা ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন স্থানে করতে হবে। সরবরাহকৃত পানীয় জল সহজলভ্য রাখতে হবে এবং পড়ুয়াদের পর্যাপ্ত জল পান করতে উৎসাহিত করতে হবে। বাড়ি থেকেও পর্যাপ্ত জল নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ে ওআরএস বা ইলেক্ট্রোলাইট সলিউশন এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার পাশাপাশি তীব্র গরমের সময় বাইরের খেলাধুলা, কষ্টসাধ্য শারীরিক অনুশীলন, দীর্ঘ সময়ের প্যারেড বা র্যালির মতো কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। শ্রেণিকক্ষের ফ্যান ও অন্যান্য বায়ু চলাচল বা শীতলীকরণ ব্যবস্থা সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়াও, পড়ুয়া ও কর্মীদের রোদ থেকে সুরক্ষার জন্য ছাতা, টুপি বা উপযুক্ত মাথা ঢাকার ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, মাথাব্যথা, বমি বমি ভাব বা বিভ্রান্তির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট পড়ুয়াকে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে নিয়ে গিয়ে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং অভিভাবককে অবহিত করার নির্দেশ রয়েছে।

স্কুলে যাতায়াতের সময়ও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক ও স্কুল পরিবহণ পরিচালকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, তাপজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা জরুরি পরিষেবার যোগাযোগের তথ্য বিদ্যালয়ে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা স্কুল পরিদর্শক নীলাম জ্যোতি দাস -এর স্বাক্ষরিত এই নির্দেশে জেলার সমস্ত সংশ্লিষ্ট শিক্ষা আধিকারিক, সিআরসিসি এবং বিদ্যালয় প্রধানদের নির্দেশগুলি কঠোরভাবে পালন ও নজরদারি করার আহ্বান জানানো হয়েছে। নির্দেশটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande