মালেগড়ে বিজেপির তিরঙ্গা যাত্রা, সিপাহী বিদ্রোহের ২৬ শহিদকে শ্রদ্ধাঞ্জলি
শ্রীভূমি (অসম) ১৩ আগস্ট (হি.স.) : বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি এবং আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে লাতু-মালেগড়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। বিজেপির লক্ষীবাজার-গান্ধাই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জা
Sribhumi


Sribhumi


শ্রীভূমি (অসম) ১৩ আগস্ট (হি.স.) : বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি এবং আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে লাতু-মালেগড়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। বিজেপির লক্ষীবাজার-গান্ধাই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় পতাকা হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন দলীয় কর্মকর্তা-কর্মী এবং বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে লাতু বাসস্ট্যান্ড থেকে তেরঙ্গা যাত্রার সূচনা হয়। জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ‘বন্দে মাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দিতে দিতে ঐতিহাসিক মালেগড় টিলার উদ্দেশে এগিয়ে যান। দেশাত্মবোধক স্লোগানে এদিন লাতু-মালেগড়ের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

শোভাযাত্রার শেষ পর্বে ঐতিহাসিক মালেগড় টিলায় পৌঁছে সিপাহী বিদ্রোহের ২৬ জন বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী বীরদের স্মরণ করেন উপস্থিতরা। তাঁদের আত্মত্যাগ ও সাহসের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

লক্ষীবাজার-গান্ধাই মণ্ডল সভাপতি নিরুপম দেব বলেন, জাতীয় পতাকা হাতে এই যাত্রা শুধু একটি কর্মসূচি নয়, বরং দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করে তাঁদের আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

লাতু-সজপুর জিপি সভানেত্রী স্নিগ্ধা দাস বলেন, বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির মতো গুরুত্বপূর্ণ সময়ে ঐতিহাসিক মালেগড় টিলায় এই কর্মসূচির আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোর পাশাপাশি তেরঙ্গার প্রতি শ্রদ্ধা ও জাতীয় ঐক্যের বার্তা দেওয়া হয়েছে।

নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় বলেন, তিরঙ্গা যাত্রার মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন লক্ষীবাজার-গান্ধাই মণ্ডলের প্রাক্তন সভাপতি মনোজ দেব, মণ্ডল সহ-সভাপতি গোবিন্দ দাস, সম্পাদক মনজিৎ দেব, বিভিন্ন বুথ সভাপতি সহ দলের অন্যান্য কর্মকর্তা-কর্মীরা। বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ঐতিহাসিক মালেগড় টিলায় ২৬ বীর শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শেষ হয় তিরঙ্গা যাত্রা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande