
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.):বিশ্ব অঙ্গদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার সল্টলেকের এএফ ব্লক সিজিএইচএস ওয়েলনেস সেন্টারে অঙ্গদান সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মৃত্যুর পর অঙ্গদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচানোর বার্তা পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, এসএসকেএম হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান চিকিৎসক দেবাংশু সরকার-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সাধারণ মানুষ স্বেচ্ছায় অঙ্গদানের অঙ্গীকারে অংশ নেন। অঙ্গদানকারীরা এই মহতী উদ্যোগে সামিল হতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
সুব্রত গুপ্ত অঙ্গদানের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। চিকিৎসক দেবানশু সরকার অঙ্গদান প্রক্রিয়া, এর গুরুত্ব এবং এর মাধ্যমে কীভাবে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
ওয়েলনেস সেন্টারের চিফ মেডিকেল অফিসার ইনচার্জ চিকিৎসক দীপঙ্কর সমাজপতি জানান, রক্তদানের মতোই অঙ্গদানও একটি মহৎ সামাজিক উদ্যোগ। একজন মানুষের অঙ্গদানের সিদ্ধান্ত মৃত্যুর পরও একাধিক মানুষের জীবনকে নতুন করে বাঁচার সুযোগ দিতে পারে। তাই অঙ্গদান নিয়ে ভয় ও সংশয় দূর করে আরও বেশি মানুষকে এই মানবিক উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান। অঙ্গদানকারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়