তিন মাসের বেতন বকেয়া, পিএফ-ইএসআই-এর দাবিতে মালদা মেডিক্যালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি
মালদা, ১৩ আগস্ট (হি.স.):তিন মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআইয়ের সুবিধার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হলেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের ১৭৪ জন অস্থায়ী কর্মী। বেতন ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত একাধিক দাবি নিয়
কর্মবিরতি


মালদা, ১৩ আগস্ট (হি.স.):তিন মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআইয়ের সুবিধার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হলেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের ১৭৪ জন অস্থায়ী কর্মী। বেতন ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত একাধিক দাবি নিয়ে সকাল থেকেই তাঁরা কাজ বন্ধ করে আন্দোলনে নামেন।

পরে মেডিক্যাল কলেজের সুপার তথা এমএসভিপির দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেতন সংক্রান্ত সমস্যায় ভুগতে হচ্ছে। বর্তমানে তিন মাসের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি পিএফ ও ইএসআইয়ের সুবিধা নিয়েও তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে দাবি করেন।

নিজেদের দাবিদাওয়া নিয়ে এমএসভিপির সঙ্গে কথা বলতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলাশাসক। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও দাবিদাওয়া শোনেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানা যায়নি।

আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন মেটানো এবং পিএফ-ইএসআই সংক্রান্ত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande