
হুগলি , ১৩ আগস্ট (হি.স.): ৮০তম স্বাধীনতা দিবস সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চাঁপদানি মিউনিসিপ্যালিটিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার প্রশাসন ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন চাঁপদানির বিধায়ক দিলীপ সিং। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি কীভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, বিদ্যালয়ের পড়ুয়াদের অংশগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামগ্রিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বিধায়ক দিলীপ সিং জানান, স্বাধীনতা দিবস দেশের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গর্ব ও আবেগের দিন। তাই এই বিশেষ দিনটি যাতে যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও উৎসাহের সঙ্গে পালিত হয়, সে বিষয়ে প্রশাসন, পুরসভা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে। চাঁপদানিতে ৮০তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন ও বিদ্যালয়গুলির সমন্বিত উদ্যোগে এবারের উদযাপন আরও সুন্দর ও স্মরণীয় হয়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA