
হুগলি, ১৩ আগস্ট (হি.স.) : চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বৃহস্পতিবার পালিত হল ‘টিবি মুক্ত ভারত দিবস’। টিবি বা যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের চিকিৎসা ও পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠান উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেন বিধায়ক সুবীর নাগ। তিনি একজন টিবি রোগীর চিকিৎসা এবং সুষম আহারের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। তাঁর এই উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
বিধায়ক বলেন, একজন অসুস্থ মানুষের সুস্থ হয়ে ওঠার পথে তাঁর পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত পরিচয়। টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত জরুরি। অনুষ্ঠান থেকে টিবি রোগীদের প্রতি সহমর্মিতা, নিয়মিত চিকিৎসা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের এই কর্মসূচির মধ্য দিয়ে সুস্থ ও স্বাস্থ্যকর সমাজ গড়ার বার্তাই উঠে আসে। টিবি নির্মূলের লক্ষ্যে প্রশাসন, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA