
নদিয়া, ১৩ আগস্ট (হি.স.):শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ফের প্রকাশ্যে এসেছে। রাজ্য সরকারের পর্যটন দফতরের ওয়েবসাইটে ‘Birth Place of Shri Chaitanya Mahaprabhu’ হিসেবে নবদ্বীপ ও মায়াপুর—দুই জায়গার নামই উল্লেখ রয়েছে বলে দাবি উঠেছে। বিষয়টি সামনে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বিষয়টি নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন নবদ্বীপ প্রাচীন মায়াপুর নিমাই জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজি। তাঁর দাবি, শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ—এ নিয়ে কোনও বিভ্রান্তির অবকাশ নেই। পর্যটন দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সংশোধনের দাবিতে প্রশাসনের বিভিন্ন দফতর এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লিখিতভাবে জানানো হবে বলেও তিনি জানান।
অদ্বৈত দাস বাবাজির বক্তব্য, মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কোনও ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা হলে তার প্রতিবাদ করা প্রয়োজন। বিষয়টি নিয়ে নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীর হস্তক্ষেপের দাবিও উঠেছে।
বিধায়ক জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই পর্যটন দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে খোঁজখবর করছেন। সম্প্রতি তিনি বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যও হয়েছেন।
ওয়েবসাইটে একই সঙ্গে নবদ্বীপ ও মায়াপুরকে জন্মস্থান হিসেবে উল্লেখ করার কারণ এখনও স্পষ্ট নয়। এটি তথ্যগত ত্রুটি, নাকি এর পিছনে কোনও ঐতিহাসিক বা প্রশাসনিক ব্যাখ্যা রয়েছে, তা নিয়ে জল্পনা চলছে। এখন রাজ্য সরকারের স্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়