
আরামবাগ, ১৩ আগস্ট (হি.স.) : পরিবহন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার সদস্য বিধায়কদের নিয়ে প্রথম বৈঠক করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। দায়িত্ব গ্রহণের পরই রাজ্যের পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার বার্তা দিলেন তিনি। এদিনের বৈঠকে রাজ্যের পরিবহন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা, পরিবহন পরিষেবার মানোন্নয়ন এবং ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়। বৈঠক শেষে সুশান্ত ঘোষ বলেন, রাজ্যের পরিবহন ব্যবস্থার উন্নয়নই তাঁদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখে পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত ও জনবান্ধব করে তুলতে স্ট্যান্ডিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠকেই পরিবহন ব্যবস্থার উন্নয়নকে সামনে রেখে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA