
খড়গপুর, ১৪ অগস্ট (হি. স.) : আইআইটি খড়গপুরে অস্বাভাবিক পরিস্থিতিতে আরও এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসের নালন্দা ভবনের চারতলা থেকে পড়ে গুরুতর আহত হন দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত ছাত্র রাজস্থানের বাসিন্দা। গত জুলাই মাসে তিনি পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুরে ভর্তি হয়েছিলেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টে নাগাদ নালন্দা ভবনের চারতলা থেকে অঙ্কিত নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসা শুরু করার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে অঙ্কিত চারতলা থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা এবং ঘটনার সময়কার পরিস্থিতিও তদন্তের আওতায় রয়েছে।
শুক্রবার ঘটনাটি নিয়ে খড়গপুরের এসডিপিও তথা আইপিএস আধিকারিক সিদ্ধার্থ সিং ডাঙ্গির সঙ্গে কথা বলা হলে তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পরবর্তী সময়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হবে বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়