তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধায়ক-ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পুলিশের উদ্দেশে হুমকির অভিযোগ
মালদা, ১৪ অগস্ট ( হি. স.) : সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। ধৃত শ্রবণ কুমার দাস সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং রতুয়ার তৃণমূল বিধা
তোলাবাজি জন্য গ্রেফতার


মালদা, ১৪ অগস্ট ( হি. স.) : সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। ধৃত শ্রবণ কুমার দাস সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে তোলাবাজির পাশাপাশি জমি দখলের অভিযোগও উঠেছে।

অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের দাবি, সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছিল। টাকা দেওয়ার পরও কাজ না পাওয়ায় তিনি টাকা ফেরত চান। এরপরই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর দাবি, শুধু তিনি নন, আরও অনেকের কাছ থেকে একইভাবে টাকা নেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্রবণ কুমার দাসকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যানে ওঠার সময় পুলিশের উদ্দেশে ‘‘পাঁচ বছর পর দেখে নেব’’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অস্বীকার করে শ্রবণ বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিধায়ক সমর মুখোপাধ্যায় জানান, গ্রেফতারের বিষয়ে তাঁর জানা নেই এবং তিনি বর্তমানে কলকাতায় রয়েছেন। বিজেপির চাঁচল বিধানসভার অবজারভার অভিষেক সিংহানিয়া বলেন, আইন অনুযায়ী পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande