
মুর্শিদাবাদ, ১৪ আগস্ট (হি.স.) : অনলাইন হাজিরা ব্যবস্থাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের কান্দি পুরসভায়। হাজিরা পোর্টাল থেকে অনেক পুরকর্মীর নাম 'উধাও' হয়ে যাওয়ার অভিযোগে শুক্রবার বিক্ষোভ দেখালেন কর্মী ও আধিকারিকদের একাংশ। এ দিন সকালে পুরসভার মূল ফটকের তালা খুলতে না দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে পুরসভার স্বাভাবিক কাজকর্ম।
জানা গিয়েছে, শুক্রবার সকালে কর্মীরা হাজিরা দিতে গিয়ে দেখেন, পোর্টালের তালিকায় অনেক কর্মীর নাম নেই। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কর্মচারীরা। তাঁদের অভিযোগ, অনলাইন তালিকায় তাঁদের নাম না থাকা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। অনলাইন হাজিরায় এই গোলমালের প্রতিবাদেই শুক্রবার সকাল থেকে পুরসভার মূল ফটকের তালা খুলতে না দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। পরে পুর–প্রশাসকের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ